ডেস্ক রিপোর্ট:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ার পর থেকেই হত্যার হুমকি পাচ্ছেন বলে অভিযোগ করেছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম, যিনি হিরো আলম নামে পরিচিত।
নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে ব্যক্তিগত নিরাপত্তাকর্মী বা ‘গানম্যান’ চেয়ে আবেদন করার প্রস্তুতি নিচ্ছেন তিনি।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হিরো আলম বলেন, নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার খবর গণমাধ্যমে প্রকাশের পর বিভিন্ন মাধ্যমে তাকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে তিনি নিজেকে নিরাপত্তাহীন মনে করছেন। এ কারণে জরুরি ভিত্তিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে গানম্যানের জন্য আবেদন করার সিদ্ধান্ত নিয়েছেন।
গত মাসে জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিলেও কোন আসন বা কোন দলের হয়ে তিনি নির্বাচন করবেন—এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। হিরো আলম জানান, অতীতে একাধিকবার তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন এবং এবারও সে ইচ্ছা রয়েছে। তবে গণঅধিকার পরিষদ, আমজনতার দল, বাংলাদেশ লেবার পার্টি ও বাংলাদেশ শ্রমজীবী পার্টির পক্ষ থেকে তাদের প্রতীকে নির্বাচন করার প্রস্তাব পেয়েছেন। বিষয়টি বিবেচনায় রয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, এবারের নির্বাচনে ঢাকা ও বগুড়া—এই দুটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন। দলীয় বা স্বতন্ত্র—যেভাবেই হোক, জনগণের জন্য কাজ করাই তার মূল লক্ষ্য বলে উল্লেখ করেন হিরো আলম।
যশোর জার্নাল
প্রকাশক ও সম্পাদক: মোঃ আসিফ আকবর সেতু।
যুগ্ম সাধারণ সম্পাদক:বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি, যশোর (সাবেক)
মোবাইলঃ +৮৮ ০৯৬৯৬০৭০৩৯১
Gmail: jashorejournal@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত