যশোর প্রতিনিধি:
ঈদকে কেন্দ্র করে যশোরে একটি জুতা বিক্রয় প্রতিষ্ঠানকে ঘিরে প্রতারণার অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, বিভিন্ন কৌশলে নিম্নমানের ও অনুপযোগী জুতা-স্যান্ডেল বেশি দামে বিক্রি করা হয়েছে, যার ফলে বিপাকে পড়েছেন ক্রেতারা।
ক্রেতাদের দাবি, ঈদের আগে বিক্রয়কর্মীরা পণ্য সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য দিয়ে জুতা বিক্রি করেছেন। ব্যবহার করার পর অনেকেই দেখেছেন, জুতার সাইজ ঠিকমতো হয়নি বা অল্প সময়ের মধ্যেই নষ্ট হয়ে যাচ্ছে। পরবর্তীতে পণ্য পরিবর্তন বা ফেরত দিতে গেলে প্রতিষ্ঠান থেকে তা গ্রহণ করা হয়নি বলেও অভিযোগ করেন ভুক্তভোগীরা।
যশোর শহরের পালবাড়ি মোড় এলাকার বাসিন্দা রিংকু মিয়া জানান, ঈদের আগের দিন তিনি প্রায় এক হাজার টাকা দিয়ে একটি চামড়ার স্যান্ডেল কিনেছিলেন। কেনার সময় সেটি পায়ে ঠিকমতো না ঢুকলেও বিক্রয়কর্মীরা কয়েকদিন ব্যবহারের পর ঠিক হয়ে যাবে বলে আশ্বাস দেন। তবে ঈদের দিন ব্যবহারের সময় সেটি পা থেকে বারবার খুলে যাচ্ছিল। পরে পরিবর্তনের জন্য দোকানে গেলে তাকে জানানো হয়, বিক্রিত পণ্য বদলের কোনো সুযোগ নেই।
এমন অভিজ্ঞতার কথা জানিয়েছেন আরও কয়েকজন ক্রেতা। তাদের অভিযোগ, জুতা কেনার কিছুদিনের মধ্যেই সোল খুলে যাওয়া, ফেটে যাওয়া বা ছিঁড়ে যাওয়ার মতো সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা। গ্যারান্টির কথা বলা হলেও বাস্তবে তা কার্যকর করা হচ্ছে না বলেও অভিযোগ ওঠে।
স্থানীয় বাসিন্দা নুরুল ইসলাম বলেন, “দাম বাড়লেও পণ্যের মান কমছে। অনেকেই প্রতারিত হচ্ছেন, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কোনো সমাধান পাওয়া যাচ্ছে না।”
আরেক ক্রেতা আসিফ আকবর জানান, গ্যারান্টির কথা বলা হলেও পরে পণ্য পরিবর্তনের সময় বিভিন্ন অজুহাত দেখানো হয়, যেমন নির্দিষ্ট সাইজ না থাকা বা অন্য শোরুম থেকে আনতে হবে ইত্যাদি।
অভিযোগের বিষয়ে প্রতিষ্ঠানের মালিক মফিদুল হক রাজু বলেন, তাদের প্রতিষ্ঠানে পণ্য পরিবর্তনের কোনো নিয়ম নেই। তিনি দাবি করেন, ঈদের সময় অতিরিক্ত ভিড় থাকায় বিক্রয়কর্মীরা ব্যস্ত ছিলেন এবং কে কীভাবে গ্রাহকদের সঙ্গে আচরণ করেছেন, তা তার জানা নেই।
এ বিষয়ে ভোক্তাদের অভিযোগ, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।
যশোর জার্নাল
প্রকাশক ও সম্পাদক: মোঃ আসিফ আকবর সেতু।
যুগ্ম সাধারণ সম্পাদক:বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি, যশোর (সাবেক)
মোবাইলঃ +৮৮ ০৯৬৯৬০৭০৩৯১
Gmail: jashorejournal@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত