নিজেস্ব প্রতিবেদক:
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে রোগীর স্বজন ও চিকিৎসকদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ ঘটনায় মৃত ব্যক্তির লা*শ হস্তান্তর বিলম্বিত হওয়া এবং তার ছেলেকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বাধ্য করার অভিযোগ উঠেছে। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
জানা গেছে, শুক্রবার গভীর রাতে অসুস্থ হয়ে পড়লে রংপুর নগরীর নিউ জুম্মাপাড়া এলাকার নুরজাহান বেগম (৫৫) কে হাসপাতালে নেওয়া হয়। স্বজনদের দাবি, দ্রুত অক্সিজেন না পাওয়ায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং পরে তিনি মা*রা যান।
অন্যদিকে হাসপাতাল সংশ্লিষ্টদের অভিযোগ, রোগীর মৃত্যুর পর ক্ষুব্ধ স্বজনদের সঙ্গে দায়িত্বরত চিকিৎসকদের বাকবিতণ্ডা ও হাতাহা*তির ঘটনা ঘটে। এর প্রতিবাদে চিকিৎসকদের একটি অংশ কর্মবিরতি পালন করেন এবং জরুরি বিভাগের কার্যক্রম কয়েক ঘণ্টার জন্য বন্ধ রাখেন।
পরবর্তীতে মৃতের ছেলে রিফাত হোসেনকে হাসপাতালে ডেকে আনা হয়। অভিযোগ রয়েছে, চিকিৎসকদের কাছে ক্ষমা চাওয়ার অংশ হিসেবে তাকে কান ধরে ওঠবস করতে বলা হয়। এরপর পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
মৃতের পরিবারের সদস্যরা অভিযোগ করেন, লাশ বুঝে পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। এমনকি এক পর্যায়ে ম*রদেহ নিতে গিয়ে বাধার মুখেও পড়তে হয়েছে বলে তারা দাবি করেন।
ঘটনার বিষয়ে ইন্টার্ন চিকিৎসকদের পক্ষ থেকে বলা হয়েছে, চিকিৎসকদের ওপর হা*মলার অভিযোগে অভিযুক্ত ব্যক্তির উপস্থিতি ও ক্ষমা প্রার্থনার পরই পরিস্থিতির সমাধান হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, পুরো ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তারা জানিয়েছেন। একই সঙ্গে রোগীর স্বজন ও চিকিৎসকদের আচরণ নিয়ে ওঠা অভিযোগগুলোও খতিয়ে দেখা হচ্ছে।
যশোর জার্নাল
প্রকাশক ও সম্পাদক: মোঃ আসিফ আকবর সেতু।
মোবাইলঃ +৮৮ ০৯৬৯৬০৭০৩৯১
Gmail: jashorejournal@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত