নিজেস্ব প্রতিবেদক:
বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদের সব সদস্যের নিয়োগ বাতিল করেছে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর সংশ্লিষ্ট ধারার আওতায় ব্যাংকের স্বার্থ, আমানতকারীদের সুরক্ষা এবং জনস্বার্থ বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
একইসঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে পরিচালনা পর্ষদের সব ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালনের দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে রোববার ইসলামী ব্যাংক তারল্য সংকট মোকাবিলায় বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে ২ হাজার ৫০০ কোটি টাকার সহায়তা পায়। ওইদিন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. মোস্তাকুর রহমানের সঙ্গে ব্যাংকটির প্রতিনিধিদের দীর্ঘ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ব্যাংকটির সার্বিক কার্যক্রম সচল রাখতে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেওয়া হয়।
তারল্য সহায়তা পাওয়ার পর ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আলতাফ হোসেন গ্রাহকদের উদ্দেশে বলেন, নগদ অর্থ উত্তোলন, ডিজিটাল ব্যাংকিং এবং চেক নগদায়নে কোনো ধরনের সমস্যা হবে না। তিনি জানান, প্রতিদিন প্রায় ১ হাজার ২০০ কোটি টাকার আমানত জমা ও উত্তোলন হচ্ছে এবং রেমিট্যান্স সেবাও স্বাভাবিক রাখতে কাজ করা হচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি মাসের প্রথম নয় দিনে গ্রাহকেরা ইসলামী ব্যাংক থেকে প্রায় ৬ হাজার কোটি টাকা উত্তোলন করেছেন। অতিরিক্ত অর্থ উত্তোলনের চাপের কারণে কয়েকটি শাখা ও এটিএম বুথে নগদ অর্থের সংকট দেখা দেয়। এ পরিস্থিতিতে ব্যাংকটি ১০ হাজার কোটি টাকার তারল্য সহায়তা চেয়ে আবেদন করে।
পর্যালোচনা শেষে কেন্দ্রীয় ব্যাংক প্রাথমিকভাবে ২ হাজার ৫০০ কোটি টাকা ঋণ সহায়তা প্রদান করে। পরে গভর্নর ব্যাংকটির গ্রাহকদের আশ্বস্ত করে বলেন, তাদের আমানত নিরাপদ রয়েছে এবং আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
যশোর জার্নাল
প্রকাশক ও সম্পাদক: মোঃ আসিফ আকবর সেতু।
মোবাইলঃ +৮৮ ০৯৬৯৬০৭০৩৯১
Gmail: jashorejournal@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত