প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের শেষ দিনে দেশটির তিনজন শীর্ষ নেতার সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এসব বৈঠকে বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
সফরের উল্লেখযোগ্য অর্জন হিসেবে দুই দেশের মধ্যে মোট ১৭টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এর মধ্যে ১৩টি দুই দেশের বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে, তিনটি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মধ্যে এবং একটি বিএনপি ও চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির মধ্যে সম্পাদিত হয়েছে।
চীনের রাজধানী বেইজিংয়ের হোটেল দিওয়াউতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহদী আমিন এসব তথ্য জানান।
তিনি বলেন, বৈঠকগুলোতে চীনের নেতারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে চীনের দীর্ঘদিনের সম্পর্কের কথা স্মরণ করেন এবং তাদের ভূমিকার প্রশংসা করেন।
সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, সফরের বৈঠকগুলোতে তাইওয়ান ইস্যু নিয়ে কোনো আলোচনা হয়নি। তিনি জানান, বাংলাদেশ সরকারের অবস্থান অপরিবর্তিত রয়েছে এবং 'এক চীন নীতি'র প্রতি দেশটির সমর্থন অব্যাহত থাকবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি, সুজাউদ্দৌলা সুজন, শাহাদাত হোসেন স্বাধীন এবং সহকারী প্রেস সচিব নাজমুল হক খান।
যশোর জার্নাল
প্রকাশক ও সম্পাদক: মোঃ আসিফ আকবর সেতু।
মোবাইলঃ +৮৮ ০৯৬৯৬০৭০৩৯১
Gmail: jashorejournal@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত