যশোরের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের দেশে প্রবেশ ঠেকাতে কঠোর নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন। এ কাজে গণমাধ্যমকর্মীদের সহযোগিতাও চেয়েছে সংস্থাটি।
রোববার (১৫ নভেম্বর) বিকেল ৩টায় যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের হলরুমে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান।
সভায় বিজিবি অধিনায়ক বলেন, দেশের স্থিতিশীলতা বিনষ্টের অপচেষ্টা প্রতিরোধে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো নেতাকর্মী কিংবা সংশ্লিষ্ট কেউ যাতে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে দেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে বিজিবি সতর্ক রয়েছে।
তিনি জানান, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালানসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে।
লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান আরও বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা ও অপরাধ প্রতিরোধে বিজিবি এবং গণমাধ্যমকর্মীদের মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা প্রয়োজন। এ সময় বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের পাশাপাশি সীমান্তসংক্রান্ত অপরাধের তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতা করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় যশোর ও বেনাপোল অঞ্চলে কর্মরত বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিক, টেলিভিশন এবং অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন। সভায় সাংবাদিকরা সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং এসব অপরাধ প্রতিরোধে নিজেদের মতামত ও পরামর্শ দেন।
যশোর জার্নাল
প্রকাশক ও সম্পাদক: মোঃ আসিফ আকবর সেতু।
মোবাইলঃ +৮৮ ০৯৬৯৬০৭০৩৯১
Gmail: jashorejournal@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত