
নিজেস্ব প্রতিবেদক:
যশোরের চৌগাছায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৪০ বোতল উইন সিরেক্স (WIN CEREX) সিরাপ উদ্ধার করা হয়েছে। এ সময় একজনকে গ্রেপ্তার করা হলেও আরেকজন পালিয়ে যায়। ঘটনায় চৌগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) দুপুর ১২টার দিকে চৌগাছা থানাধীন সুখপুকুরিয়া ইউনিয়নের পুড়াপাড়া খালপাড় এলাকায় মেসার্স বিশ্বাস এন্টারপ্রাইজ নামীয় দোকানঘরের পশ্চিম পাশে পুড়াপাড়া থেকে আন্দুলিয়া সড়কের ওপর এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন মোঃ তোফায়েল হোসেন (৫০), পিতা মৃত আব্দুর রব, মহেশপুর মহিলা কলেজপাড়া, ওয়ার্ড-৬, মহেশপুর পৌরসভা, ঝিনাইদহ। অপরদিকে পলাতক আসামি মোঃ আল-আমিন বিশ্বাস (৩০), পিতা মোঃ মহসিন আলী, গ্রাম কুলিয়া, সুখপুকুরিয়া ইউনিয়ন, চৌগাছা, যশোর।
অভিযানকালে আলামত হিসেবে ৪০ বোতল উইন সিরেক্স সিরাপ, একটি বাজাজ সিটি-১০০ মোটরসাইকেল এবং একটি অপ্পো ব্র্যান্ডের স্মার্টফোন জব্দ করা হয়।
এ ঘটনায় উপপরিদর্শক মদন মোহন সাহা বাদী হয়ে চৌগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তার ও পলাতক দুই আসামির বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করেন।
এদিকে, যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন গরীবশাহ মাজার এলাকা ও রেলস্টেশন এলাকায় পৃথক অভিযান চালিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে তিনজনকে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন পাগলাদহ এলাকার মোঃ হাসান (৪২), হাসিমপুর এলাকার মোঃ পারভেজ (২৬) ও খড়কী এলাকার মোঃ পলাশ (২৫)।
মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসিফ উদ্দীন, মোঃ রেজওয়ান সরদার এবং মাকামে মাহমুদা মীম। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন ব্রজেন্দ্রনাথ গাইন, উপপরিদর্শক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, যশোর।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।