
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত থেকে শুক্রবার (২১ আগস্ট) ভোরের মধ্যে রেলরোড ফুডগোডাউনের দক্ষিণ পাশের ৯৯২ নম্বর হোল্ডিংয়ের বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
ভুক্তভোগী রবিউল ইসলাম রবি লোকমান সিকদারের ছেলে এবং পেশায় ইলেকট্রিক মিস্ত্রি। পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার তারা সবাই এক আত্মীয়ের বাড়িতে রাতযাপনের জন্য যান। এ সুযোগে রাতের কোনো একসময় চোরেরা ঘরের চাল কেটে ভেতরে ঢোকে।
শুক্রবার দুপুর ১২টার দিকে বাড়িতে ফিরে তারা দেখতে পান, ঘরের চাল কাটা এবং তিনটি কক্ষের মালামাল এলোমেলো অবস্থায় পড়ে আছে। পরে তল্লাশি করে স্বর্ণালংকার ও নগদ টাকা না পাওয়ার বিষয়টি নিশ্চিত হন তারা।
রবিউল ইসলাম জানান, চুরি যাওয়া স্বর্ণের মধ্যে রয়েছে দুই জোড়া কানের দুল, দুটি চেইন ও দুটি আংটি। এসব গহনার পরিমাণ প্রায় আড়াই ভরি। গহনাগুলো তার ছেলের স্ত্রীর বলে জানান তিনি।
এ ছাড়া চুরি হওয়া ১ লাখ ৬০ হাজার টাকা তিনি প্রায় তিন বছর ধরে ইলেকট্রিক মিস্ত্রির কাজ করে সঞ্চয় করেছিলেন। বাড়ির সামনে একটি দোকান নেওয়ার পরিকল্পনা ছিল তার। সেই উদ্দেশ্যে জমানো টাকাই চুরি হয়েছে বলে দাবি করেন তিনি।
স্থানীয়দের দাবি, রেলরোড ফুডগোডাউনের আশপাশে সাম্প্রতিক সময়ে চুরির ঘটনা বেড়েছে। নতুন এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
রবিউল ইসলাম চুরি যাওয়া মালামাল ও টাকা উদ্ধারের পাশাপাশি জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। এ ঘটনায় যশোর কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।