
সরকারের নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে যশোরে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে কৃষকদের হাতে এ কার্ড তুলে দেওয়া হয়।
ফেনীর ফুলগাজী উপজেলা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে যশোর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে আবদুল বারী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে কৃষকদের মধ্যে কার্ড বিতরণ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানের পর যশোরের কর্মসূচিতে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম নির্বাচিত কৃষকদের হাতে কৃষক কার্ড তুলে দেন।
যশোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হক জানান, হৈবতপুর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের হৈবতপুর ব্লকের মোট ২ হাজার ৬৩৫ জন কৃষক এ কার্ড পেয়েছেন।
এ ছাড়া ভূমিহীন, প্রান্তিক, ক্ষুদ্র ও মাঝারি পর্যায়ের ২ হাজার ৪০৪ জন কৃষককে জনপ্রতি ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক জাহিদুল ইসলাম বিশ্বাস, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ স্থানীয় বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।