
আটক শহিদুল গাজী খোলাডাঙ্গা এলাকার জুলগাজীর ছেলে। পুলিশ জানিয়েছে, ঝটিকা মিছিলের ঘটনায় দায়ের করা মামলায় তাঁর নাম এজাহারভুক্ত আসামি হিসেবে রয়েছে। ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁকে আটক করে।
মামলার এজাহার অনুযায়ী, রোববার (১ নভেম্বর) ভোর ৫টা ২০ মিনিটের দিকে যশোর শহরের দড়াটানা মোড়ে দায়িত্ব পালনকালে পুলিশ গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের প্রায় ২০০ থেকে ২২০ জন নেতাকর্মী লালদীঘিরপাড়ের মাইকপট্টি মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করছেন। এ সময় তাঁরা বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মিছিলকারীরা স্লোগান দিতে দিতে ছত্রভঙ্গ হয়ে চলে যান। এ ঘটনায় জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।
সোমবার পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান বাদী হয়ে মামলাটি করেন। এতে ৫৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।
এজাহারভুক্ত ব্যক্তিদের মধ্যে রয়েছেন যুবলীগ নেতা শেখ শহীদ, ইমরান হোসেন খান বাদল, মোহাম্মদ আলী, বিপ্লব হোসেন, তানভীর, রফিকুল ইসলাম রহমত, ছাত্রলীগ নেতা তৌহিদুর রহমান শাকিল, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সৌরভ হোসেন অভি, নরেন্দ্রপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মিলন শাহ, সভাপতি সরোয়ার হোসেন সারু, সহসভাপতি জাহাঙ্গীর মৌরি ও আবু তাহেরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
পুলিশের তথ্য অনুযায়ী, এ মামলায় এর আগে শেখ শহীদ, ইমরান হোসেন বাদল, মোহাম্মদ আলী, বিপ্লব হোসেন, তানভীর, রফিকুল ইসলাম রহমত, রকি, সোহাগ, তারেক আজিজ, নুর আলম, শানু, কামরুজ্জামান, মকবুল হোসেন, হৃদয়, সুমন শেখ ও সেলিমকে আটক করা হয়েছে।
যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনুসারীরা ভোরে মিছিলটি করেছেন। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে মামলা করেছে। এ মামলায় ১৬ জনকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, নাশকতার অভিযোগে জেলার নয়টি থানায় পুলিশ ও গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে মোট ৪১ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে কোতোয়ালি থানা এলাকায় ১৭ জন, চৌগাছায় দুজন, মণিরামপুরে তিনজন, শার্শায় দুজন, অভয়নগরে চারজন, কেশবপুরে তিনজন, বাঘারপাড়ায় চারজন, বেনাপোল পোর্ট থানায় চারজন এবং ঝিকরগাছায় দুজন রয়েছেন। কোতোয়ালি এলাকায় আটক ১৭ জনের মধ্যে সাতজন সরাসরি মিছিলে অংশ নিয়েছিলেন বলে পুলিশ জানিয়েছে।