
যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক মাদকবিরোধী অভিযানে ৩৮ কেজি ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি একজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) যশোরের কোতোয়ালি মডেল থানা এলাকায় অভিযান দুটি পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, সকাল ১১টা থেকে ১১টা ৫০ মিনিট পর্যন্ত কোতোয়ালি মডেল থানাধীন কচুয়া ইউনিয়নের ঘোপ উত্তরপাড়ায় অভিযান চালানো হয়। এ সময় বাবলু হোসেন (৩৫) নামে এক ব্যক্তির দখলে থাকা একটি দোতলা ভবনের দ্বিতীয় তলার কক্ষ থেকে ৩৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক শাহরিয়ার হোসেন বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন।
অন্যদিকে, একই দিন দুপুর ২টা ৩০ মিনিটের দিকে কোতোয়ালি থানার কাজীপাড়া কাঁঠালতলা এলাকায় অভিযান চালিয়ে সুজন শেখ (২৬) নামে আরেক ব্যক্তির কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক রাফিজা খাতুনের প্রসিকিউশনে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাওমীদ হাসান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সুজন শেখকে ২০০ টাকা অর্থদণ্ড ও ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, পৃথক এসব অভিযানে মোট ৩৮ কেজি ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।