
নিজেস্ব প্রতিবেদক:
সরকার গঠনের পর প্রথমবারের মতো যশোর সফর করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সকাল ১০টা ১৫ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে তিনি যশোর বিমানবন্দরে পৌঁছান।
বিমানবন্দর থেকে সকাল ১০টা ২৫ মিনিটে তিনি বাসযোগে শার্শা উপজেলার উলাশীর উদ্দেশ্যে রওনা দেন। সেখানে বেলা সাড়ে ১১টার দিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত উলাশী-যদুনাথপুর খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন। পরে সকাল ১১টা ৫৫ মিনিটে নিজ হাতে কোদাল দিয়ে মাটি কেটে আনুষ্ঠানিকভাবে কাজের সূচনা করেন এবং দোয়া-মোনাজাতে অংশ নেন।
উদ্বোধনী অনুষ্ঠানে পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
খাল পুনঃখনন উদ্বোধনের পর আয়োজিত সুধী সমাবেশে বক্তব্য দিয়ে প্রধানমন্ত্রী বলেন, দায়িত্বে থাকা পর্যন্ত জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করে যাবে এবং উন্নয়ন কার্যক্রম মানুষের কল্যাণেই পরিচালিত হবে।
দুপুরে যশোর শহরের চাচড়া এলাকার হরিণার বিলে ৫০০ শয্যাবিশিষ্ট যশোর মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। পরে যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করেন।
সফরের শেষাংশে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জেলা বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান।