
যশোর শহর ও মণিরামপুর উপজেলায় পৃথক অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে চারটি প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ১ লাখ টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (১৫ জুন) অধিদপ্তরের যশোর কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান খানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণে অস্বাস্থ্যকর পরিবেশ, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়।
অভিযান চলাকালে যশোর শহরের মুজিব সড়কে অবস্থিত ঝটপট ফাস্টফুডকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মণিরামপুরের আজমীর বেকারিকে ২০ হাজার টাকা, রাফি-সিমাম বেকারিকে ১০ হাজার টাকা এবং বনফুলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, অভিযানের সময় বিভিন্ন প্রতিষ্ঠানের খাদ্যপণ্যের গুণগত মান, স্বাস্থ্যবিধি অনুসরণ এবং মূল্যতালিকা যাচাই করা হয়। অনিয়মের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট আইনের আওতায় এসব জরিমানা আদায় করা হয়েছে।
সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান খান বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিতভাবে বাজার তদারকি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।