
যশোরে মাদকবিরোধী অভিযানে ৬ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, যশোর।
আটক ব্যক্তি হলেন কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার দৌলতখালী সরদারপাড়া এলাকার বাসিন্দা মোঃ তামিম ইসলাম (২৬)। তিনি মোঃ মিন্টু সর্দার ও মোছাঃ টুলুয়ারা খাতুনের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা প্রায় ৭টা ২০ মিনিটে যশোর কোতয়ালী মডেল থানার ফতেপুর ইউনিয়নের ফতেপুর আমবাগান এলাকায় যশোর-নড়াইল মহাসড়কে পরিচালিত এক অভিযানে ‘নড়াইল এক্সপ্রেস’ নামের একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় তামিম ইসলামের কাছ থেকে প্রায় ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া তার কাছ থেকে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোছাঃ রাফিজা খাতুন বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। আইনগত প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।