
নিজেস্ব প্রতিবেদক:
প্রেস বিজ্ঞপ্তি : সাংবাদিকদের নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ উঠেছে ইসলামি বক্তা ড. এনায়েত উল্লাহ আব্বাসীর বিরুদ্ধে। সম্প্রতি এক ওয়াজ মাহফিলে তিনি বলেন, ‘সবচেয়ে খারাপ বাংলাদেশের সাংবাদিকগুলো, এগুলোরে কুত্তার মতো পেটানো দরকার’। তার এমন ঢালাও মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংগঠন নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ শাখা।
বুধবার (২১ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনের বাংলাদেশ শাখার সভাপতি মোহাম্মদ জুবায়ের, সিনিয়র সহ সভাপতি উজ্জ্বল হেসেন প্রধান, সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক আসিফ আকবর সেতু সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এই নিন্দা জানান।
বিবৃতিতে বলা হয়, হাজার হাজার মানুষের উপস্থিতিতে একটি ধর্মীয় ওয়াজ মাহফিলের ভেতরে দাঁড়িয়ে পুরো সাংবাদিক সমাজকে উদ্দেশ্য করে এমন কুরুচিপূর্ণ ও উসকানিমূলক বক্তব্য দেওয়া অত্যন্ত দুঃখজনক, আপত্তিকর ও সাংবাদিক সমাজের জন্য অপমানজনক। একজন ইসলামি চিন্তাবিদের মুখে এ ধরনের ভাষা কোনোভাবেই শোভনীয় নয়।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, সাংবাদিকতা একটি মহান পেশা। কোনো ব্যক্তি বা নির্দিষ্ট কোনো সাংবাদিকের সংবাদ নিয়ে আপত্তি থাকলে তিনি নির্দিষ্টভাবে নাম উল্লেখ করে সমালোচনা করতে পারতেন। তা না করে ঢালাওভাবে সকল সাংবাদিককে ‘কুত্তার মতো পেটানো’র কথা বলা পুরো সাংবাদিক সমাজের মানহানির শামিল এবং সাংবাদিকদের ওপর হামলার উসকানি হিসেবে বিবেচিত হতে পারে।
নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ শাখার পক্ষ থেকে অবিলম্বে এই বক্তব্য প্রত্যাহার করে নেওয়া সহ ভবিষ্যতে এই ধরনের কথা না বলার জন্য অনুরোধ করা হয়েছে। একইসঙ্গে ধর্মীয় মঞ্চকে কোনো পেশাজীবী গোষ্ঠীর বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর কাজে ব্যবহার না করার জন্যও তার প্রতি আহ্বান জানানো হয়।