
নিজেস্ব প্রতিবেদক:
যশোর শহরের বেজপাড়া বিহারি কলোনি এলাকায় মাটির ঢিবি সরানোর সময় বোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত হয়েছেন। শুক্রবার (২৭ নভেম্বর) বেলা ১১টার দিকে বাদল হকের বাড়ির পেছনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার গণেশপুর গ্রামের আব্দুর রাজ্জাক (৩৫) ও আকবর (৫৫)। বিস্ফোরণের পর স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। অপরজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত আব্দুর রাজ্জাক জানান, সকালে তারা বাড়ির পেছনে থাকা মাটির একটি ঢিবি অপসারণের কাজ করছিলেন। কয়েক স্তর মাটি কাটার পর কোদালের আঘাত লাগতেই হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে তিনি ও তার সহকর্মী আকবর আহত হন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিস্ফোরিত বোমার বিভিন্ন নমুনা সংগ্রহ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দীর্ঘদিন আগে কেউ বোমাগুলো মাটির নিচে পুঁতে রেখেছিল। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
ওসি আরও জানান, গত কয়েক দিনে যশোর শহর ও শহরতলির বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মাটির নিচে পাওয়া বোমার সঙ্গে এসব ঘটনার কোনো সম্পর্ক রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখছে পুলিশ।
বাড়ির মালিক বাদল হক বলেন, মাটির ঢিবিটি প্রায় ১০ থেকে ১২ বছর আগের। তার ধারণা, বোমাটি সাম্প্রতিক সময়ে সেখানে রাখা হয়নি। বোমার লোহার আবরণেও মরিচা পড়েছিল।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, আহত দুজনের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। অপরজনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।