
নিজেস্ব প্রতিবেদক:
যশোরের কোতয়ালী মডেল থানাধীন বালিয়াডাঙা গ্রামের বাবলাতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে ৬৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ অচিন্ত বিশ্বাস (৩৩) নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর।
১ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ৬টার দিকে বালিয়াডাঙা গ্রামের বাবলাতলা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অচিন্ত বিশ্বাসের কাছ থেকে ৬৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
আটক অচিন্ত বিশ্বাস বালিয়াডাঙা মান্দারতলা এলাকার বাসিন্দা। স্থানীয়ভাবে জানা যায়, বালিয়াডাঙা শ্মশান রোড এলাকায় ‘শশী ফেয়ার ডেন্টাল হল’ নামে একটি দাঁতের চিকিৎসাকেন্দ্র রয়েছে। তিনি আগে গ্রাম্য চিকিৎসার সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তীতে একজন দাঁতের চিকিৎসকের সহকারী হিসেবে কাজ শিখে দাঁতের চিকিৎসার বিষয়ে অভিজ্ঞতা অর্জন করেন বলে জানা গেছে। এরপর তিনি এলাকায় গ্রাম্য দাঁত চিকিৎসক হিসেবে কাজ করে যাচ্ছেন।
আটকের পর অচিন্ত বিশ্বাস দাবি করেন, ট্যাপেন্টাডল ট্যাবলেটগুলো তিনি নিজে খাওয়ার জন্য এনেছেন, বিক্রির জন্য নয়।
তবে এ ঘটনায় স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। এলাকাবাসীর কয়েকজনের ভাষ্য, কেউ ব্যক্তিগত ব্যবহারের জন্য দুই-চার পিস আনতে পারেন; কিন্তু একসঙ্গে ৬৫ পিস ট্যাপেন্টাডল রাখার বিষয়টি নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। তবে এসব ট্যাবলেট বিক্রির উদ্দেশ্যে আনা হয়েছিল কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।
এ ঘটনায় উপ-পরিদর্শক শাহরিয়ার হোসেন বাদী হয়ে অচিন্ত বিশ্বাসের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতয়ালী মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
এলাকাবাসীর দাবি, মাদকের বিস্তার রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও কার্যকর ও দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। একই সঙ্গে মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনার আহ্বান জানিয়েছেন তারা।